২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রী টিনা হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

মোড়েলগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর স্কুলছাত্রী মোসাম্মৎ মাসুমা আক্তার টিনা (১৪) অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় দুই সহোদরসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 12:53 PM

Updated : 25 Apr 2022, 06:58 PM

বুধবার দুপুরে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. আবুল বাশার মুন্সি এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মোড়েলগঞ্জ উপজেলার খালকুলিয়া গ্রামের মোক্তার হাওলাদারের দুই ছেলে লাল্টু হাওলাদার ও ওবায়দুল হাওলাদার ওরফে বাদল, একই গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার, সাত্তার হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার, রুস্তম হাওলাদারের ছেলে মামুন হাওলাদার ও কলাবাড়ী গ্রামের উকিল উদ্দিন হাওলাদারের ছেলে রাজ্জাক হাওলাদার।

এদের মধ্যে রাসেল ও জুয়েল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকি চার আসামি পলাতক।

এছাড়া এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালকুলিয়া গ্রামের আলিম শেখের ছেলে মনির শেখ ও রুস্তম আলী খানের ছেলে পলাশ খানকে অব্যাহতি দিয়েছে আদালত।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিদ্দিকুর রহমান খান জানান, মোড়েলগঞ্জ উপজেলার খালকুলিয়া গ্রামের শামসুর রহমান মাস্টারের মেয়ে দশম শ্রেণির ছাত্রী মাসুমা আক্তার টিনাকে (১৪) ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি রাতে রাসেলসহ কয়েক যুবক অস্ত্রের মুখে বাড়ি থেকে অপহরণ করে।

পরদিন টিনার বাবা শামসুর রহমান বাদী হয়ে রাসেলসহ ৭/৮ জনকে আসামি করে মোড়েলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন।

এর চার দিন পর এলাকার একটি বাগানের ডোবা থেকে টিনার লাশ উদ্ধার হয়। ময়না তদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়। পরে অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

মোড়েলগঞ্জ থানার উপ-পরিদর্শক নূরুল আলম তালুকদার তদন্ত শেষে ওই বছরের ১৩ মে আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত মামলার রায়ে ছয়জনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭ ধারা অনুযায়ী এক দফা যাবজ্জীবন এবং একই আইনের ৯ (৩) ধারা অনুযায়ী আরেক দফা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

আইনজীবী জানান, তবে উভয়দণ্ড একসঙ্গে কার্যকর হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন। এছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মামলায় আসামিপক্ষে ছিলেন লড়েছেন আইনজীবী শাহ-ই আলম বাচ্চু, আলী অকবর ও ভুঁইয়া হেমায়েত উদ্দিন এবং পলাতক আসামিদের পক্ষে ছিলেন জাহাঙ্গীর আলী বাবু।