সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দুইজনের মৃত্যু
সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ফরেস্ট ক্যাম্পের উত্তরে বড় টেংরারখাল এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব ঘটনাস্থল থেকে সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
নিহতরা হলেন রিয়াজ ওরফে ডালিম (২৮) এবং কালাম খাঁ (৪২)। তারা সুন্দরবনের রেজাউল ওরফে শীর্ষ বাহিনী সদস্য এবং তাদের বাড়ি বাগেরহাট জেলায়।
র্যাব-৮ এর অধিনায়ক কর্নেল ফরিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুপুরে সুন্দরবনে নিয়মিত টহল দেয়ার সময় র্যাব সদস্যরা একটি ওয়াচ টাওয়ার দেখতে পেয়ে সামনে এগিয়ে যায়।
“এ সময় শীর্ষ বাহিনীর সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ২৫ মিনিট ধরে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। পরে বনদস্যুরা পিছু হটে বনের ভিতরে চলে যায়।”
কর্নেল ফরিদুল আলম জানান, পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি গুলিবিদ্ধ লাশ, একটি ড্যাবল ব্যারেল বন্দুক, দুটি একনলা বন্দুক, চারটি এলজি, ৯টি বন্দুকের গুলি ও ২১টি গুলির খোসা উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে স্থানীয় জেলেরা দুটি লাশের পরিচয় সনাক্ত করেছে। লাশ ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র মংলা থানায় নেয়া হচ্ছে বলে জানান র্যাব-৮ এর অধিনায়ক।
