২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের আদেশের পর পরীক্ষার তারিখ ঘোষণা

হাইকোর্টের আদেশের পর টার্ম ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা করে শিক্ষার্থীদের অনশন ভাঙিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও  জীববিজ্ঞান স্কুলের শিক্ষকরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 10:41 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

বুধবার হাইকোর্টের এক আদেশের পর এক বৈঠকে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। এরপর বেলা আড়াইটার দিকে উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এবং জীববিজ্ঞান স্কুলের সাতটি ডিসিপ্লিন প্রধান গিয়ে পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান।

সেইসঙ্গে আগামী ২৪ জুলাই থেকে তাদের পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানান।

জীববিজ্ঞান স্কুলের একাডেমিক কার্যক্রম চালু রাখার পক্ষে বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষকের দায়ের করা রিটের শুনানি শেষে আগামী তিন সপ্তাহের মধ্যে জীববিজ্ঞান স্কুলের পরীক্ষা গ্রহণের আদেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি মীর্জা হোসেন হায়দার ও বিচারপতি খোরশেদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেয়।

এর আগে গত ২০ জুন উচ্চ আদালত কেন পরীক্ষা গ্রহণ করা হবে না জানতে চেয়ে রুল জারি করে।

উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান জানান,  হাইকোর্টের আদেশের পর জীববিজ্ঞান স্কুলের সাতটি ডিসিপ্লিন প্রধানদের নিয়ে  বৈঠক হয়।  উচ্চ আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

জীববিজ্ঞান স্কুলের ডিন সমীর কুমার সাধুর নিয়োগকে কেন্দ্র করে স্কুলের ডিসিপ্লিন প্রধান ও শিক্ষকদের একাংশ শিক্ষা কার্যক্রমে সহযোগিতা না করায় ২৩ জুন টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। পরীক্ষার দাবিতে রোববার দুপুর থেকে অনশন শুরু করে শিক্ষার্থীরা।

অনশনরত শিক্ষার্থী অপূর্ব বর্মন জানান, “অনশনের চতুর্থ দিনে শিক্ষকরা পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করায় আমরা অনশন ভেঙেছি।”