চট্টগ্রামে বেতনের দাবিতে জুতা শ্রমিকদের বিক্ষোভ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ইপিজেডের দুটি জুতা কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন।
গত ৩০ জুন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে বেপজার নির্দেশে বন্ধ রয়েছে পাপেলা সুজ নামের প্রতিষ্ঠানটি। সকালে শ্রমিকরা জুন মাসের বেতনের জন্য কারখানায় হাজির হন। বেতন না পেয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
পাপেলা সুজের ব্যবস্থাপক (উৎপাদন) মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেপজার নির্দেশে কারখানা বন্ধ থাকায় তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য হিসাবও বন্ধ রয়েছে।
“সে কারণেই নির্ধারিত দিনে বেতন দিতে পারা যায়নি।”
তিনি জানান, পাপেলা সুজের সহ প্রতিষ্ঠান এক্সেলসিয়র সুজ চালু থাকলেও একই কারণে তাদের কর্মীদের বেতনও নির্ধারিত দিনে দেয়া সম্ভব হয়নি।
আগামী ১৫ জুলাইয়ের দিকে বেতন পরিশোধের বিষয়ে শ্রমিকদের আশ্বস্ত করা হয়েছে বলেও জানান তিনি।
ইপিজেড থানার ওসি আবুল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতন দেয়ার নির্ধারিত দিনে এসে না পেয়ে শ্রমিকরা বিক্ষোভ করে। তবে কোনো ধরনের ভাংচুর বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
গত ৩০ জুন ভোর রাতে চট্টগ্রাম ইপিজেডের চার নম্বর সড়কে পাপেলা সুজ লিমিটেডে আগুন লাগে। এতে প্রতিষ্ঠানটির তৈরি পণ্য, রাসায়নিক উপাদানসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
