সালাউদ্দিন কাদেরের ২য় সাক্ষীর জেরা শেষ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে দ্বিতীয় সাফাই সাক্ষীর জেরা শেষ করেছে প্রসিকিউশন।
মঙ্গলবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষী নিজাম আহমেদকে জেরা করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।
ফজলুল কাদের চৌধুরীকে মুসলিম লীগের নেতা হিসেবে চিনতেন বলে জেরার জবাবে জানান সালাউদ্দিন কাদেরের বন্ধু নিজাম। তবে ১৯৭১ সালের ২৫ মার্চে গণহত্যার পর এপ্রিলে পাকিস্তানপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে ফজলুল কাদের টিক্কা খানের সঙ্গে দেখা করে সমর্থনের বিষয়ে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন।
তবে ওই আন্দোলন বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য ছিল কী না তা তিনি জানেন না।
জেরার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার বন্ধু সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী আইয়ুব খানবিরোধী আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ছিলেন।”
৬৩ বছর বয়সী নিজাম জানান, তিনি ১৯৬৬ সালে ঢাকার শাহীন স্কুলে মানবিক বিভাগ থেকে এসএসসি ও ১৯৬৮ সালে নটরডেম কলেজে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৬৮-৬৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। তবে মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় কোনো পরীক্ষা দেননি। পরে ১৯৭৪ সালে পাস কোর্সে বিএ পাশ করেন।
তবে জেরার সময় নিজের পেশা সম্পর্কে কোনো তথ্য দেননি তিনি।জবানবন্দিতেও এবিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
জেরা শেষ হলে মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
