মাদক মামলায় যুবদলকর্মীর যাবজ্জীবন
মাদক মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।
মঙ্গলবার আসামী সাজ্জাদ হোসেনের (৪০) উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মতিউর রহমান এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন দিলু জানান, যাবজ্জীবনের পাশাপাশি সাজ্জাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয়মাস কারাভোগ করতে হবে।
সাজ্জাদ নিজেকে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দাবি করলেও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাহেদ আকন সম্রাট জানান, সাজ্জাদ যুবদলের কর্মী।
সাজ্জাদ হোসেন বরিশালের নবগ্রাম কেরানিবাড়ি এলাকার আব্দুল খালেক গাজীর ছেলে।
আইনজীবী দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১০ সালে ২১ সেপ্টেম্বর সাজ্জাদকে তার বাড়ি থেকে ফেন্সিডিল ও নকল ফেন্সিডিল তৈরির রাসায়নিকসহ আটক করে র্যাব।
ওইদিনই কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা করে পুলিশ।
একই বছরের ৩১ অক্টোবর সাজ্জাদের বিরুদ্ধে অভিযোগ দেয় পুলিশ।
এ মামলায় ১১ জন স্বাক্ষীর মধ্যে ছয়জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
