স্কুল-কলেজে রোজা-ঈদে ছুটি ১৭ দিন কম
হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় ক্লাস না হওয়ার ক্ষতি পুষিয়ে নিতে স্কুল-কলেজে রোজার ছুটি ১৭ দিন কমেছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ২০১৩ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে ছুটি পুনঃনির্ধারণ করে।
আগের শিক্ষাক্রম অনুযায়ী আগামী ১১ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত রমজান, জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদুল ফিতরের ছুটি ২৮ দিন নির্ধারিত ছিল।
এই ছুটি কমিয়ে এখন ২৭ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত করা হয়েছে।
এর আগে সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, এবার বিভিন্ন কারণে ক্লাস অনেক কম হওয়ায় রমজানের ছুটি কমিয়ে আনা হবে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মূলত হরতালে ক্লাস কম হওয়ার কারণেই ছুটি কমানো হয়েছে।
এবার হরতালের কারণে আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল এবং কারিগরি বোর্ডের দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনালের ৩৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। এছাড়া এইচএসসি ও সমমানের ৪১টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায় হরতালের কারণে।
