‘বেঁচে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম’
জীবিত ফিরলেও তাদের চোখেমুখে আতংকের ছাপ। তাড়া করে ফিরছে সাগরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা প্রতিটি মুহূর্ত।
চট্টগ্রাম ফিরে আন্দামান সাগরে বেঁচে থাকার সেই লড়াইয়ের কথা বললেন ফুকেট উপকূলে দুর্ঘটনার কবলে পড়া এমভি হোপের পাঁচ নাবিক।
এই পাঁচজন হলেন- ডেক ক্যাডেট মোখলেছুর রহমান, চতুর্থ ইঞ্জিনিয়ার আবদুল হাকিম, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ ওসমান ও সাইফুল ইসলাম।
সোমবার সকালে চট্টগ্রামে স্বজনদের কাছে ফিরে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় ওই এলাকায় এক আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়।
গত বৃহস্পতিবার ভোরে উত্তার সাগরে প্রবল বাতাসে কাত হয়ে ডুবতে বসে সিরামিক শিল্পের কাঁচামাল ‘বল ক্লে’ বহনকারী বাংলাদেশি জাহাজ এমভি হোপ।
নাবিক সাইফুল ইসলাম বলেন, জাহাজ পরিত্যক্ত ঘোষণার পর জীবন বাঁচাতে উত্তাল সাগরে ঝাঁপিয়ে পড়েন ১৭ নাবিক।
“একটি জীবন রক্ষাকারী বোট কোনমতে উঠতে পারেন ক্যাপ্টেনসহ ১২ জন। উত্তাল সাগরে সাত-আট ঘণ্টা যুদ্ধের পর বাক্সমুন নামে অপর একটি জাহাজের ফিলিপিনো নাবিকেরা উদ্ধার করেন আমাদের পাঁচজনকে। জাহাজে উঠেই আমরা জ্ঞান হারাই। বেঁচে ফিরবো ভাবতেও পারিনি। আশা ছেড়েই দিয়েছিলাম।”
২৫ বছর বয়েসী নাবিক সাইফুল জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে জাহাজটি ঝড়ের কবলে পড়ে। এ সময় অনেক নাবিক ঘুমিয়ে ছিলেন। ক্যাপ্টেন এটিকে নিয়ন্ত্রণে নেয়ার আপ্রাণ চেষ্টা করেন।
“এক পর্যায়ে জেনারেটর বন্ধ এবং জাহাজে থাকা কার্গো একদিকে সরে গেলে জাহাজটি প্রায় ৪০ ডিগ্রির মতো হেলে গিয়ে কাত হলে বিপদজ্জনক হয়ে পড়ে। নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্যাপ্টেন জাহাজকে পরিত্যক্ত ঘোষণা করে নাবিকদের জাহাজ থেকে নেমে যেতে বলেন।”
অপর দুই নাবিক মোহাম্মদ রুবেল ও ওসমান জানান, ক্যাপ্টেনে নির্দেশে তারা ঝাঁপিয়ে পড়েন। ১৭ নাবিকের সবাই উত্তাল সমুদ্রে ঝাঁপ দিলেও জীবনরক্ষাকারী বোটে উঠতে সক্ষম হয় মাত্র ১২ জন। লাইফ জ্যাকেট পরা অবস্থায় তারা সাত-আটঘণ্টা ভেসে ছিলেন।
সাইফুল জানান, উত্তাল ঢেউয়ে একবার উল্টেও যায় বোটটি, এতে ছিলেন জাহাজের ক্যাপ্টেন রাজীব কর্মকারসহ আরো সাতজন। এরপরের ঘটনা তারা আর জানেন না।
সেই বোটেই ভেসে থাকা আবু বকর সিদ্দিক নামে অপর এক নাবিককে উদ্ধার করে থাই রয়েল নেভির একটি হেলিকপ্টার।
জাহাজে করে ফেরা পাঁচ নাবিকই সাংবাদিকদের বলেন, এমভি হোপের ক্যাপ্টেন রাজীব কর্মকার সর্বাত্মক চেষ্টা চালান জাহাজটি রক্ষার জন্য। জীবনরক্ষাকারী বোট উল্টে গিয়ে তিনিসহ অপর ছয়জন হারিয়ে যান।
বাক্সমুনে উঠে পাঁচজনের সকলেই অসুস্থ হয়ে পড়লেও কিছুটা সুস্থ সাইফুল জাহাজ থেকে থাই রয়েল নেভির সঙ্গে কথা বলে হারিয়ে যাওয়া সহকর্মীদের উদ্ধার করতে বলেন।
পাঁচজনই এখনো জানেন না তাদের আর কে কে বেঁচে আছেন।
এদিকে ফুকেট উপকূলে চার দিনেও এমভি হোপের ছয় নাবিকের সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে থাই রয়্যাল নেভি।
ফলে জাহাজের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, দ্বিতীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিন, ইলেকট্রিশিয়ান ছাদিম আলী, কেবি নাসির উদ্দিন, আলী হোসেন এবং প্রধান কুক নাসির উদ্দিনকে জীবিত উদ্ধারের আর কোনো আশা থাকল না।
