২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ব্যবসায়ী গুলিবিদ্ধ

মিরপুরে একটি গার্মেন্টের পরিচালনা পর্ষদের এক সদস্য সন্ত্রাসীর গুলিতে আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 10:00 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর ২ নম্বর কাঁচাবাজার সংলগ্ন সিরাজগঞ্জ ফ্যাশন লিমিডেটের মালিকের ছোট ভাই ও পরিচালক ফজলুর রহমান বাবুকে গুলি করে পালিয়ে যায় এক সন্ত্রাসী।

গুলিবিদ্ধ বাবুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার পেটে ও ডান হাঁটুতে গুলি লেগেছে বলে জানিয়েছেন মিরপুর থানার ওসি মো. সালাউদ্দিন।

সিরাজগঞ্জ ফ্যাশন লিমিডেটের ফ্যাক্টরি ইন চার্জ ফরিদ হোসেন অভিযোগ করেন, সাড়ে ৯টার দিকে ফারুক হোসেন নামে এক ঝুট ব্যবসায়ী ওই গার্মেন্টে আসেন। এ সময় মাহাদী নামে স্থানীয় এক সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে।

এ নিয়ে দুজনের মধ্যে হট্টগোল শুরু হলে ফজলুর গার্মেন্টের ওপর থেকে নেমে আসেন এবং মাহাদীর পরিচয় জানতে চান। এ নিয়ে মাহাদী তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় এবং এক পর্যায়ে গুলি করে পালিয়ে যায়।

মিরপুর থানার ওসি মো. সালাউদ্দিন জানান, মাহাদী এলাকার ‘চিহ্নিত’ সন্ত্রাসী।তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছে বলেও জানান তিনি।