২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি শিক্ষার্থীর উপর হামলা, প্রধান ফটকে অবরোধ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার রাতে দুই শিক্ষার্থীর উপর হামলা করেছে মুখোশধারী দুবৃর্ত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 05:44 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

এর প্রতিবাদে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘রিম’ এর সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ইমরান হাসান নয়ন এবং পরিসংখ্যানের নাহিদ। 

রিমের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ তান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মোটরসাইকেলে আবাসিক হলে ফিরছিলেন নয়ন ও নাহিদ।

গোল চত্বরে আসার পর তিনটি মোটরসাইকেলে ৫/৭ জন মুখোশধারী চাপাতি ও রড দিয়ে তাদের উপর হামলা চালায়।

খবর পেয়ে আবাসিক হলের শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  তারা এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রক্টর হিমাদ্রী শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলাকারীদের নামে মামলা ও গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা গেইট অবরোধ করেছে। আমরা তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছি। আশা করি তারা অবরোধ তুলে নেবে।”

Image
ফাইল ফটো

ফাইল ফটো

এদিকে এ হামলার প্রতিবাদ এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল ৮টা থেকে প্রধান ফটক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীর্রা জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে সকাল থেকে শিক্ষকদের বাস ক্যাম্পাসে প্রবেশ করতে পারলেও শিক্ষার্থীদের বাস ক্যাম্পাসে ঢুকতে পারেনি।

কোনো বিভাগে ক্লাস বা টার্ম টেস্ট হচ্ছে না। শুধু কয়েকটি ল্যাবরেটরি খোলা রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, হামলাকারীদের চিহ্নিত করে তাদের নামে মামলা দায়ের ও গ্রেপ্তার না করা পযর্ন্ত অবরোধ চলবে।

এদিকে হামলাকারীদের বিরুদ্ধে সকালেও থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি বলে জানান জালালাবাদ থানার ওসি মো. জামাল উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানায় মামলা করতে এলে আমরা সব ধরনের সহযোগিতা করব। এছাড়া হামলাকারীদের গ্রেপ্তারে অভিযানও চালানো হবে।