গোপালগঞ্জে স্কুলছাত্র খুন
পূর্ব বিরোধের জেরে গোপালগঞ্জ শহরে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যায় সাদ্দাম মুন্সিকে (১৪) ছুরিকাঘাত করা হয়। সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে তার মৃত্যু হয়।
নিহতের বাবা শহরের গেটপাড়ার বাসিন্দা গফ্ফার মুন্সি জানান, সাদ্দাম গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণিতে পড়ত।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের অভিযোগ সকাল পর্যন্ত থানায় আসেনি। এলে ব্যাবস্থা নেয়া হবে।
গফ্ফার মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরতলীর ঘোষেরচর গ্রামের বাসিন্দা সোহানকে বেশ কিছুদিন আগে সাদ্দামের এক বন্ধু হাতে কোপ দেয়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এ ঘটনার জেরে রোববার সন্ধ্যায় সাদ্দামকে শহরের চৌরঙ্গী থেকে ধরে নদীরপাড় বঙ্গবন্ধু সড়কে নিয়ে যায় সোহান। এসময় সোহানের সঙ্গে লোকমান, আরিফ, আব্দুল্লাহসহ আরো ৭/৮ জন ছিল।
সেখানেই পিঠে ছুরিকাঘাত করে সাদ্দামকে ফেলে পালিয়ে যায় তারা।
তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়ার পর রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ৭টায় তার মৃত্যু হয়।
