২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজমতকে বাসায় পাননি মান্নান

শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করতে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত মেয়র এম এ মান্নান রোববার বিকেলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমত উল্লা খানের বাসায় গিয়েও তাকে পাননি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 03:05 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

আগে থেকে যোগাযোগ করে না যাওয়ায় কারণেই এ সমস্যা হয়েছে বলে জানান জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।

“আজমত উল্লা সাহেব তখন একটি কাজে বাসার বাইরে ছিলেন। আগামীকাল (সোমবার) সকাল ১১টায় মান্নান আবার আজমতের বাসায় যাবেন শুভেচ্ছা বিনিময় করতে”, বলেন মিলন।

এ ব্যাপারে আজমত উল্লা খান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি নেতাকর্মীদের সঙ্গে টঙ্গীর বাইরে ছিলাম। মান্নান সাহেব আগে থেকে যোগাযোগ করে আসেননি।”

এম এ মান্নানের সহকারী একান্ত সচিব (এপিএস) মো. রফিজ উদ্দিন জানান, রোববার সকালে সালনার বাড়িতে এলাকাবাসী অধ্যাপক মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানায়। দুপুর পর্যন্ত তিনি সেখানেই ছিলেন।

বিকেল সাড়ে ৪টার দিকে তিনি চান্দনা-চৌরাস্তা এলাকায় তার নির্বাচনী ক্যাম্পে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

সন্ধ্যা ৬টার দিকে মান্নান টঙ্গীর আনারকলি রোড এলাকায় আজমত উল্লা খানের বাসায় যান শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতের জন্য। কিন্তু আজমত উল্লা তখন বাসায় না থাকায় মান্নান আর ওপরে বাসায় ওঠেননি বলে জানান এপিএস রফিজ।

এ সময় তার সঙ্গে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. হুমায়ুন কবির, জেলা যুবদল সভাপতি মো. এমদাদ খান, টঙ্গী থানা বিএনপির সভাপতি শাহান শাহ আলম, গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা ছিলেন।

এরপর মান্নান টঙ্গী থানা বিএনপির কার্যালয়ে যান।