২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম হত্যা : বিচারের দাবিতে মানববন্ধন

সাভারে পুলিশি হেফাজতে ‘নির্যাতনে’ ব্যবসায়ী শামীম সরকার নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত দুই পুলিশ সদস্যের কুশপুত্তলিকা দাহ করে।

মানববন্ধনে শামীমের মামা সাভার থানা আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান অভিযোগ করেন, খুনীরা বিভিন্নভাবে তদবির ও টাকার বিনিময়ে আগাম জামিন নেয়ার চেষ্টা করছেন।

এ মামলায় পুলিশ প্রকৃত দোষীদের আড়াল করতে অভিযোগপত্র দিতে দেরি করছে বলেও অভিযোগ করেন আব্দুর রহমান।

মানববন্ধন শেষে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকিদুল ইসলাম ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হকের কুশপুত্তলিকা দাহ করা হয়।

গত ৫ জুন রাতে ব্যবসায়ী শামীম সরকার ও তার ভাগ্নে সাইফুলকে হেমায়েতপুরের মোল্লা সিএনজির পাশে ডেকে নিয়ে টাকা দাবি করে বলে অভিযোগ রয়েছে পরিবারের পক্ষ থেকে।

পরদিন সকালে চার ব্যক্তি ঢাকা মিটফোর্ড হাসপাতালে একটি লাশ ফেলে রেখে যায়।

লাশটি শামীমের বলে সনাক্ত করে তার পরিবার। 

এ ঘটনায় নিহতের বড়ভাই আমিন সরকার বাদী হয়ে পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়। সাময়িক বরখাস্ত করা হয় ছয় পুলিশ সদস্যকে।

এরমধ্যে পাঁচজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়।