নওগাঁয় ৪ ‘ডাকাত’ আটক
নওগাঁর রানীনগর উপজেলায় শনিবার রাতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে।
পুলিশ জানায়, খট্টেশ্বর রানীনগর পশ্চিমপাড়া গ্রামে বোমা ফাটিয়ে ডাকাতি শেষে পালানোর সময় পুলিশ ও এলাকাবাসী চার জনকে আটক করেছে।
রানীনগর থানার উপপরিদর্শক (এসআই) আকবার আলী জানান, রাত দেড়টার দিকে গ্রামের আব্দুর রাজ্জাক খানের বাড়িতে ধারালো ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ২৫/২৬ জন ডাকাত ঢোকে।
তারা ৬/৭টি হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং পরিবারের লোকজনদের মারপিট করে নগদ দুই লাখ ৬০ হাজার টাকা এবং ৩২ ভরি স্বার্ণালঙ্কার লুট করে।
তাদের রানীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, গৃহকর্তা ও পরিবারের লোকজনের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় অন্য ডাকাতরা পালানোর চেষ্টা করে।
পরে খবর পেয়ে রানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে গ্রামবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে একটি ছোরাসহ চার ডাকাতকে আটক করে।
আটকরা হলেন: চকাদিন গ্রামের মোজাম্মেল হক (৪০), সাজ্জাদ হোসেন (৩০) ও আব্দুর রাজ্জাক (৪০) এবং এনায়েতপুর গ্রামের আব্দুল মালেক শেখ (৩০)।
এ ব্যাপারে গৃহকর্তার ছেলে আব্দুর রউফ বাদী হয়ে রানীনগর থানায় একটি মামলা দায়ের করেছন। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।
