২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে চালভর্তি ট্রাক উদ্ধার, চার ‘ডাকাত’ গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ডাকতি হওয়া একটি চালভর্তি ট্রাক উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 06:51 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

শনিবার রাতে এ অভিযানের সময় ডাকাত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন জলিল (৩৫), মিটুন খান (২৫), রুবেল শেখ (২৬) ও চুন্নু শেখ (২৮)। এদের সবার বাড়ি ফরিদপুর সদরের কানাইপুরে।

ভাঙ্গা থানার ওসি দাদন ফকির জানান, ঝিনাইহের শৈলকুপা থেকে ৩৬০ বস্তা চাল নিয়ে একটি ট্রাক শনিবার রাতে পটুয়াখালী যাচ্ছিল।

রাত ১০টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত ফরিদপুর-বরিশাল সড়কে ভাঙ্গার বটতলা এলাকায় একটি খালি ট্রাক দিয়ে অবরোধ করে চালবাহী ট্রাকের চালক শহীদ (৫০) ও সহকারী ফরিদকে (৩৫) জোর করে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ফেলে।

পরে চালের ট্রাকটি চালিয়ে ফরিদপুরের দিকে যেতে থাকে।

খবর পেয়ে পুলিশ ভাঙ্গা চৌরাস্তা মোড়ে ট্রাকটি থামাতে নির্দেশ দিলে ডাকাতরা ট্রাক না থামিয়ে পালানোর চেষ্টা করে।

এক পর্যায়ে ট্রাক থেকে লাফিয়ে নামার সময় এক ডাকাত নিচে পড়ে আহত হয়। অপর ডাকাতরা পুলিশের দিকে এক রাউন্ড গুলি চালায়।

পুলিশও পাল্টা এক রাউন্ড গুলি চালালে ডাকাতরা সড়কের পাশে ট্রাক থামিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে চার জনকে আটক করে।

ওসি আরো বলেন, অচেতন ট্রাক চালক ও সহকারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে চাল ও ট্রাক মালিক বাসুদেব রায় বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলা করেছেন।