নরসিংদীতে কলেজছাত্রের লাশ উদ্ধার
নিখোঁজের চারদিন পর নরসিংদী সদর উপজেলা থেকে এক কলেজছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার হাজিপুরের আদমদী জুটমিলের পাক গোদাম সংলগ্ন মেঘনা নদী থেকে হাত-পা বাধা অবস্থায় প্রদীপ দাসের (২২) লাশটি উদ্ধার করা হয়।
শহরের পশ্চিম কান্দাপাড়ার বাসিন্দা অনুকুল চন্দ্র দাসের ছেলে প্রদীপ নরসিংদী সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।
গত ৩ জুলাই প্রদীপ নিখোঁজ হয় এবং ৪ জুলাই এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা অনুকুল চন্দ্র দাস।
জিডিতে অভিযোগ করা হয়, গত ৩ জুলাই বিকেল অনুমান ৬টায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি প্রদীপ। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
গত ৪ জুলাই সন্ধ্যায় একটি নম্বর থেকে অজ্ঞাত একব্যক্তি ফোন করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, নরসিংদী সরকারি কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেম সংক্রান্ত ব্যাপারে প্রদীপ খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এ ঘটনায় আতাউর রহমান মাসুম নামে এক যুবককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
