রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচি গ্রহণ করছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে অনুষ্ঠানমালা।
১৯৫৩ সালের এই দিনে তিনশ’ একর জমির উপর এই বিশ্ববিদ্যালটি প্রতিষ্ঠিত হয়। এবার ছয় দশক পার করে ৬১তম বছরে পর্দাপন করল ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকাল ১০টার দিকে সিনেট ভবনের সামনের চত্বরে পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
সাড়ে ১০টার দিকে সিনেট ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে শিক্ষা-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের কয়েকশ’ জন অংশ নেন।
বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা।
এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলেও জানান অধ্যাপক ইলিয়াছ।
১৯৫৩ সালের ৩১ মার্চ প্রাদেশিক আইনসভায় ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৫৩’ পাশ হয়। পরবর্তীতে সে বছরের ৬ জুলাই আত্মপ্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
অস্ট্রেলিয়ান স্থপতি ড. সোয়ানি টমাসের স্থাপত্য পরিকল্পনায় ১৯৬৪ সালে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে মনোরম বৃক্ষশোভিত মতিহারের সবুজ চত্বরের ৩শ’ হেক্টর জমিতে ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা করে বিশ্ববিদ্যালয়টি।
বর্তমানে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন এখানে। এ বিশ্ববিদ্যালয়ে নয়টি অনুষদের আওতায় ৪৭টি বিভাগের ৪৯টি বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) এবং এক বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রি চালু রয়েছে। এছাড়া এমফিল ও পিএইচডিসহ উচ্চতর গবেষণার জন্য এখানে রয়েছে পাঁচটি ইনস্টিটিউট। শিক্ষক রয়েছেন ১২৩৫ জন।
