২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু ভোট নিয়ে মান্নানের সংশয়

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে ‘শতভাগ আশাবাদী’ বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 04:08 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

তবে শেষ পর্যন্ত ভোট সুষ্ঠু হবে কি না- তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

শনিবার সকালে নির্বাচন শুরুর পর সালনা সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে মান্নান বলেন, ভোট ‘সুষ্ঠু হলে’ তিনি ফল মেনে নেবেন।   

বিশাল কর্মী বাহিনী নিয়ে সকাল সোয়া ৯টার পর কেন্দ্রে পৌঁছান ১৯৯১ সালে গাজীপুর সদর থেকে সাংসদ নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া মান্নান। ভোট দেয়ার আগে তিনি কেন্দ্র্র ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।   

এ সময় মান্নানের কর্মী বাহিনীকে স্কুলের মাঠে ‘টেলিভিশন’, ‘টেলিভিশন’ বলে শ্লোগান দিতে দেখা যায়।

ভোট দেয়ার পর মান্নান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার তিনজন কর্মীর ওপর শুক্রবার রাতে পুলিশ ও র‌্যাব হামলা চালিয়েছে বলে খবর পেয়েছেন তিনি।

নির্বাচন কেমন হচ্ছে জানতে চাইলে বিএনপি সমর্থিত এই প্রার্থী বলেন, “এখন পর্যন্ত যতোটুকু জেনেছি তাতে মোটামুটি ভোট হচ্ছে।”

জয়ের ব্যাপারে কতোটা আশাবাদী- এমন প্রশ্নে মান্নান বলেন, “আমি মনে করি, নির্বাচন সুষ্ঠু হলে অবাধ হলে আমি একশ ভাগ আশাবাদী। বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়ী হব, টেলিভিশন জয়ী হবে ইনশাল্লাহ।” 

নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কি না জানতে চাইলে এই সাবেক সাংসদ বলেন, “সংশয় আছে। সরকারি দলের লোকজন গত কয়েকদিনে এখানে এসে যে কর্মকাণ্ড ঘটিয়েছে, যে প্রভাব রেখেছে, তাতে নির্বাচন অবাধ হবে কি না তা নিয়ে সংশয় আছে।” 

মান্নান অভিযোগ করেন, শুক্রবার ক্ষমতাসীন দলের প্রার্থী আজমত উল্লার লোকজনের কাছে ‘কিছু ব্যালট পেপার দিয়ে দেয়া হয়েছে’ বলে তারা খবর পেয়েছেন।

“সেগুলো তারা সিল মেরে দলীয় প্রিজাইডিং অফিসারের মাধ্যমে বাক্সে দেবে।”

এর আগে টঙ্গীর লিটল ফ্লাওয়ার প্রি ক্যাডেট স্কুলে ভোট দেন আজমত উল্লা। তার প্রতীক দোয়াত-কলম।

আজমতও নির্বাচনে জয়ের ব্যাপারে ‘শতভাগ আশাবাদী’। তবে জনগণ যাকেই নির্বাচিত করুক, তা ‘অবনত মস্তকে’ মেনে নেবেন বলে জানান তিনি।

প্রায় ৩৩০ বর্গ কিলোমিটারের গাজীপুর সিটি কর্পোরেশনের এটিই প্রথম নির্বাচন। প্রধান দুই দল সমর্থিত দুই প্রার্থী ছাড়াও নাজিম উদ্দিন আহমেদ, মেজবাহ উদ্দিন রুবেল সরকার, আমান উল্লাহ ও রীনা সুলতানা  মেয়র পদে এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৫৬জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সিটিতে মোট ভোটার ১০ লাখ ২৬হাজার ৯৩৮ জন।