২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে টাকা ছড়ানোর অভিযোগ, হামলায় আহত ৫

গাজীপুরে অর্থের বিনিময়ে ‘ভোট কেনাবেচার’ অভিযোগ ওঠার পর এক কাউন্সিলর প্রার্থীর কর্মীদের হামলায় আরেক প্রার্থীর পাঁচ কর্মী আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 03:23 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শুক্রবার রাতে বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্বাস উদ্দিনের (আপেল প্রতীক) সমর্থকদের অভিযোগ, এই ওয়ার্ডের আরেক প্রার্থী সফিকুল ইসলাম (চাঁদ প্রতীক) রাত ৯টার দিকে বাইমাইল এলাকায় ‘ভোট কিনতে’ টাকা ছড়াচ্ছিলেন।

এ সময় আব্বাসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হাতেনাতে ধরে ফেললে সফিকুল দুঃখ প্রকাশ করে চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কিন্তু রাত সাড়ে ৯টার দিকে সফিকুলের ছেলে দিপু আহামেদ ২০/২৫ জন লোক নিয়ে সেখানে গিয়ে আব্বাসের কর্মীদের ওপর হামলা চালায়।

এতে বায়েজিদ, রফিকুল ইসলাম, সোহেলে, বাদশা ও দেওয়ান সোলাইমান নামে পাঁচজন আহত হন। এদের মধ্যে বায়েজিদ সদর হাসপাতালে এবং বাকিরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেন।

কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

শনিবার গাজীপুরে সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন হচ্ছে।