মক্তবের শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি মসজিদের মোয়াজ্জিনের বিরুদ্ধে এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে।
মোহাম্মদ মোস্তফা (৩২) নামের ওই ব্যক্তি দাগনভূঞা উপজেলার সুন্দরপুর জামে মসজিদের মোয়াজ্জিন এবং মক্তবের শিক্ষক।
তিনি উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
মেয়েটির স্বজনদের বরাত দিয়ে দাগনভুঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, সিন্দুরপর ইউনিয়নের সুন্দরপুর মসজিদের মক্তবে শিশুদের আরবী শিক্ষা দেন মোস্তফা।
বৃহস্পতিবার সকালে মোক্তব ছুটির পর ওই শিশুকে কথা আছে বলে বসিয়ে রাখেন মোস্তফা। পরে অন্যরা চলে গেলে মোস্তফা শিশুটিকে ধর্ষণ করে বাড়ি পাঠিয়ে দেন।
শিশুটি বাড়ি গিয়ে মা-বাবাকে কথাটি জানালেও লজ্জায় তারা প্রকাশ করেননি। গ্রামের পল্লী চিকিৎসক দিয়ে গোপনে শিশুটির চিকিৎসা করন।
সন্ধ্যায় অবস্থার অবনতি হলে রাতে শিশুটিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরো বলেন, শুক্রবার শিশুটির বাবা বাদী হয়ে দাগনভুঞা থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে মোহাম্মদ মোস্তফা পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফেনী সদর হাসপাতালের তত্বাবধায়ক মো. আলা উদ্দিন মজুমদার জানান, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
