উৎকণ্ঠায় নিখোঁজদের স্বজনরা
আন্দামান সাগরে বাংলাদেশি জাহাজ হোপের নিখোঁজ নাবিকদের স্বজনদের সময় কাটছে উদ্বেগ-উৎকণ্ঠায়।
‘এমভি হোপ’ নামের মালবাহী জাহাজটি বৃহস্পতিবার ভোরে থাইল্যান্ডের ফুকেট উপকূলে বিরূপ আবহাওয়ার কবলে পড়ে কাত হয়ে গেলে আরোহীরা জীবন বাঁচাতে জাহাজ ছেড়ে লাইফ বোটে চড়ে সাগরে নামেন।
আগের দিন এ দুর্ঘটনার খবর জানার পর সারারাত নির্ঘুম কাটিয়ে শুক্রবার সকালে তারা হাজির হন চট্টগ্রামের আগ্রাবাদে হোপের মালিক প্রতিষ্ঠানের মুখপাত্র পিঅ্যান্ডআই ক্লাব ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের কার্যালয়ে।
এ প্রতিষ্ঠানই জাহাজটির উদ্ধার তৎপরতা নিয়ে থাই নৌবাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। দুপুর পর্যন্ত নিখোঁজ পাঁচ-ছয়জন নাবিকের পরিবারের সদস্যরা আগ্রাবাদের ওই কার্যালয়ে এসে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
তাদেরই একজন মোহাম্মদ জাকারিয়া এসেছেন চট্টগ্রামের বোয়ালখালী থেকে। তার বাবা মো. আলী হোসেন দুর্ঘটনা কবলিত জাহাজ এমভি হোপের নিখোঁজ নাবিকদের একজন।
জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার কোনো খোঁজ পাচ্ছি না। ইন্টারপোর্ট মেরিটাইমে এসেছি উদ্ধার তৎপরতা সম্পর্কে জানতে।”
জাকারিয়া জানান, তার আরেক ভাই ও তিন বোন রয়েছে। পরিবারের সবাই উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছে।
এমভি হোপের দ্বিতীয় কর্মকর্তা মোবারক হোসেনের উৎকণ্ঠিত স্বজনেরা
এমভি হোপের দ্বিতীয় কর্মকর্তা মোবারক হোসেন
সবার চোখেমুখেই ফুটে উঠেছে উদ্বেগ-উৎকণ্ঠার ছাপ। জাহাজের পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধিদের কাছ থেকে কোনো একটি সংবাদ পেতে চান সবাই।
নাসিরের ছোট ভাই মাসুদ বলেন, রোজা শুরুর আগেই তার ভাইয়ের জাহাজ থেকে নামার কথা। ঈদের সময়টা পরিবারের লোকজনের সঙ্গে কাটিয়ে আবার নতুন কোন জাহাজে ওঠার পরিকল্পনা ছিল।
এমভি হোপের পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের প্রধান ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের জানান, উদ্ধার কার্যক্রম নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। কারো সন্ধান পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই জানা যাবে।
আগামী রোববার সকাল পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
এদিকে বৃহস্পতিবার ওই ঘটনার পর শুক্রবার পর্যন্ত নিখোঁজদের মধ্যে এক বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত জাহাজের কাছেই উদ্ধার করা হয়েছে দুটি লাশ, যাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজদের মধ্যে চট্টগ্রামের পাঁচজন, ময়মনসিংহের একজন, যশোর- ঢাকা-কুমিল্লা ও মুন্সীগঞ্জের একজন করে নাবিক রয়েছেন।
আর উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে পাঁচজনকে বক্স মুন নামে চট্টগ্রাম বন্দরমুখী একটি জাহাজে করে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ক্যাপ্টেন মহিউদ্দিন।
রোববারের মধ্যে তারা চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
