ঝিনাইদহে দ্বিখণ্ডিত লাশ উদ্ধার
ঝিনাইদহ সদরে এক কিশোরের দ্বিখণ্ডিত গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মৃত আজাদ মণ্ডল (১৪) বয়েরাতলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তারা বাবার নাম মকর আলী মণ্ডল।
দারিদ্র্যের কারণে সে এক প্রতিবেশীর আলম সাধু (ইঞ্জিচালিত যান) চালাত লেখাপড়ার ফাঁকে।
পরিবারের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গত শুক্রবার আলম সাধু নিয়ে বের হয়ে আজাদ আর ফিরে আসেনি।
দুর্বৃত্তরা তাকে হত্যা করে আলম সাধুটি নিয়ে গেছে বলে স্বজনরা পুলিশকে জানান।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সকালে ঝিনাইদহ-মাগুরা সড়কের মধুপুরের একটি জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
“মৃতদেহ থেকে মাথা আলাদা করা ছিল। লাশ পচে গেছে। সম্ভবত অন্য কোথাও হত্যার পর লাশ এখানে ফেলে গেছে।”
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
