২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শিক্ষিকা খুন

বরিশাল নগরীতে ‘চোরের’ ছুরিকাঘাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা নিহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 09:17 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আবু রায়হান সালেহ জানান, বৃহস্পতিবার গভীর রাতে কাউনিয়া জানুকিসিংহ রোডে এ ঘটনা ঘটে।

নিহত দিল আফরোজা সিমু (৩৮) বরিশাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষিকা ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আবু রায়হান বলেন, রাত ৩টার দিকে খাবার ঘরের জানালার গ্রিল কেটে চোর ঘরে ঢোকে। ওই শিক্ষিকার বড় মেয়ে চোরকে দেখে চিৎকার দিলে তিনি ছুটে মেয়েদের ঘরে যান।

ধস্তাধস্তির এক পর্যায়ে চোর আফরোজার বুকে ছুরি মেরে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান আবু রায়হান।