২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন বিভাগের এক কর্মকর্তার অপসারণের দাবি

চারুশিল্পীদের অপমানের অভিযোগে বন বিভাগের এক কর্মকর্তার অপসারণের দাবি ওঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 05:47 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে মানববন্ধনে এ দাবি জানান সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকরা।

তাদের অভিযোগ, গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে নির্মাণাধীন ‘প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে’র পরিচালক তপন কুমার দের একটি পদক্ষেপকে ঘিরে।

দেশের শিল্পীদের অবমূল্যায়ন করে তপন কুমার সম্প্রতি ভারত থেকে এক শিল্পী এনে নির্মাণাধীন প্রকল্পটিতে ছবি আঁকিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন তারা।

সাবেক শিক্ষার্থী মনিরুজ্জামান মনির বলেন, “এমনিতেই প্রকল্পটিতে দেশের চারুশিল্পীদের বাদ দিয়ে ‘দুর্নীতি’র মাধ্যমে ভারত থেকে ‘অখ্যাত’ এক শিল্পী এনে ছবি আঁকানোর ঘটনায় আমরা বিস্মিত ও ক্ষুদ্ধ।

“উপরন্তু একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তপন কুমার দে বলেছেন, ‘দেশের শিল্পীরা কাজ পারেন না।’ তার এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে আমরা শিল্পীসমাজ বিস্মিত।”

আরেক সাবেক শিক্ষর্থী কামাল বাশার বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালসহ দেশের অন্যান্য সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহে সাবেক ও বর্তমানসহ বহু যোগ্যতাসম্পন্ন শিল্পী রয়েছেন।

তিনি অভিযোগ করেন, “দেশ থেকে শিল্পী নিলে তাদের দুর্নীতি করতে অসুবিধা হয়, তাই দেশের বাহির থেকে অখ্যাত শিল্পী এনে প্রকল্পটির মাধ্যমে দুর্নীতি করা হচ্ছে।”

চারুকলার ভাস্কর‌্য বিভাগের শিক্ষক মুকুল বাড়ৈ বলেন, “জাতি গঠনেও আমাদের এই চারুশিল্পীদের অনেক ভূমিকা রয়েছে। তপন কুমার দে তার বক্তব্যের মাদ্যমে সেই চারু শিল্পীদের অপমান করেছে। আমরা তার অপসারণ চাই।”

তার মতো অযোগ্য লোক সরকারের এই পোস্টে থাকতে পারেন না বলে দাবি করেন তিনি।

মানবন্ধনে তপনের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের জন্য তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বঙ্গবন্ধু সাফারি পার্কে নির্মাণাধীন ‘প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে’র দুর্নীতির তদন্ত করার দাবি জানান বক্তারা।