জয়ের ব্যবধান বাড়ছে প্রতিবারই: আজমত
পরপর তিনটি নির্বাচনে জয়ী আজমত উল্লা খান ১৯৯৫ সাল থেকে টঙ্গী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করে আসছেন। এবার দোয়াত-কলম প্রতীকে মেয়র প্রার্থী নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সমর্থন নিয়ে লড়াইয়ে নামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই ছাত্র শনিবারের নির্বাচনে বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।
সততা ও এলাকার মানুষের ভালোবাসার ওপর আস্থা রেখেই বিজয়ের স্বপ্ন দেখছেন ৫৮ বছরের এ মুক্তিযোদ্ধা। গত কয়েকদিন নির্বাচনী প্রচারে চষে বেড়াচ্ছেন আয়তনে দেশের সবচেয়ে বড় এ সিটি কর্পোরেশন এলাকা।
বৃহস্পতিবার সকালে টঙ্গীতে নির্বাচনী প্রচার চালানোর মধ্যেই আজমত উল্লা খান কথা বললেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রিয়াজুল বাশার ও আশিক হোসেন এর সঙ্গে। সঙ্গে ছিলেন আলোকচিত্রী মুস্তাফিজ মামুন।
প্রশ্ন: বিজয়ে কতটুকু আশাবাদী আপনি?
আজমত: আমরা যেখানেই যাচ্ছি, আমাদের নেতাকর্মীরা যেখানেই যাচ্ছেন, মানুষের কাছ থেকে যে আন্তরিকতা পাচ্ছি, তাদের কাছ থেকে আমরা যে স্বতঃস্ফুর্ত সমর্থন পাচ্ছি, মানুষ নিজে থেকে এগিয়ে এসে যেভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন; তাতে আমি বিশ্বাস করি, ইনশাল্লাহ ৬ তারিখের নির্বাচনে দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিপক্ষে একটা ঘোষণা আসবে।
প্রশ্ন: ধর্ম নির্বাচনে কতটা প্রভাব রাখবে, বিশেষ করে হেফাজতে ইসলাম এবং হজের মতো ইস্যুগুলো?
প্রশ্ন: মানুষ আপনাকে ভোট দেবে কেন? এর পেছনে কী কী কারণ আছে বলে মনে করছেন?
আজমত: আমি যদি এক কথায় বলি, এই এলাকার মানুষ আমাকে ভালোবাসেন, আমি তাদের অত্যধিক ভালোবাসি। আমার প্রেরণা, আমার জয়ের আশাবাদ সব এই জায়গাতেই।
অন্যদিকে যদি বলি, আমি এই টঙ্গীতে ১৮ বছর দায়িত্ব পালন করেছি। এই দায়িত্ব পালনকালে টঙ্গী পৌর এলাকার যে আমূল পরিবর্তন হয়েছে, আমার প্রতিপক্ষরা ওখানে বসে যাই বলুক, টঙ্গীর মানুষ সাক্ষ্য দিচ্ছে যে টঙ্গীতে কী উন্নয়ন হয়েছে। আমার এ উন্নয়ন, আমার স্বচ্ছতা রয়েছে, টঙ্গী পৌরসভাতে কোনোদিন কোনো দুর্নীতি ঢুকতে পারেনি।
এছাড়া দলমত নির্বিশেষে সবার সঙ্গেই আমার সুসম্পর্ক আছে এবং টঙ্গী পৌরসভা পরিচালনায় আমি কোনো দিন দলীয়করণ করিনি। আমার সাথে কোনো সন্ত্রাসী নাই, আমি কোনো দিন সন্ত্রাস করিনি। আমার সাথে কোনো চাঁদাবাজ নেই। আমি কোনো দিন চাঁদাবাজি করিনি। এসব জিনিসই মানুষ আমার পক্ষে আসার মূল কারণ হিসেবে দেখছি।
প্রশ্ন: কিন্তু টঙ্গীতে উন্নয়ন হয়নি বলে বিরোধী পক্ষ আপনার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। আপনার বক্তব্য কী?
আজমত: তা এ টঙ্গীবাসীই প্রমাণ দেবে। আমি ১৯৯৫ সালে যখন এখানে প্রথম নির্বাচিত হই, তখন প্রতিপক্ষের সাথে আমার ভোটের ব্যবধান ছিল ৩৯৫ এবং সব প্রার্থী মিলিয়ে যা ভোট পেয়েছিল, আমি তার চেয়ে ১৩ হাজার কম পেয়েছিলাম। কিন্তু আমার দ্বিতীয় নির্বাচনে সব প্রার্থী মিলিয়ে যা পেয়েছিল, তার চেয়ে ৩৭০০ ভোট আমি বেশি পেয়েছিলাম। এরপর তৃতীয় নির্বাচনে সব প্রার্থীর চেয়ে ৪৭০০ ভোট বেশি পেয়েছিলাম। দেখেন একটা মানুষ ক্রমাগত উন্নতি করেছে।
আর মান্নান সাহেব! এ এলাকা থেকে একবার এমপি হয়েছিলেন। এরপর তার কার্যকলাপে মানুষ এত হতাশ হয়েছে যে, পরপর চারটি সংসদ নির্বাচনে জনগণ তাকে এ এলাকা থেকে প্রত্যাখ্যান করেছে। এতগুলো নির্বাচনে জনগণ তাকে প্রত্যাখ্যান করার কারণ হলো, তিনি এলাকার মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেননি। জনগণকে তিনি হতাশ করেছেন। হজ নিয়ে কেলেঙ্কারি করেছেন। তিনি উন্নয়ন তো করতে পারেনই নি, উপরন্তু এলাকার মানুষকে তিনি অপমান ও অসম্মান করেছেন। ৬ তারিখে রায়ের মাধ্যমে জনগণ এই অপমান ও অসম্মানের প্রতিশোধ নেবে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খানের গণসংযোগ।
আজমত: আমার দল সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। এক ও অভিন্নভাবে কাজ করছে। ডিভিশন, ইট ইজ উইদিন দি বিএনপি। এখন পর্যন্ত বিএনপি ঘরানার দুজন প্রার্থী মাঠে। মান্নান সাহেব আছেন, তার সাথে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের এই জেলারই সভাপতি নির্বাচন করছে। সো ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার যে, ডিভিশনটা তাদেরই মধ্যে।
আমাদের দলের একজন প্রার্থী ছিলেন, তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু এলাকার বৃহত্তর স্বার্থে ও এলাকার উন্নয়নের স্বার্থে তিনি অনেক আগেই সরে দাঁড়িয়ে এই মুহূর্তেও দোয়াত-কলমের পক্ষে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।
জোটের যে কথাটা বলেছেন, ইতোমধ্যে জাতীয় পার্টির টঙ্গী থানা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গাজীপুর পৌর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ছাত্র সমাজ, শ্রমিক সমাজ আমাদের সঙ্গে তৃণমূল পর্যায়ে কাজ শুরু করে দিয়েছেন। তবে হ্যাঁ, বিএনপির পক্ষেও একজন একটি সংবাদ সম্মেলন করে বক্তব্য দিয়েছেন। তবে এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। কারণ যিনি সংবাদ সম্মেলন করেছেন তিনি এ সিটি কর্পোরেশনের বাসিন্দাও নন, ভোটারও নন।
