২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুবায়ের হত্যা: অভিযোগ গঠন ৪ অগাস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় ১৩ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ৪ অগাস্ট দিন রেখেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 11:22 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন।

এ সময় আদালতে তিন জন আসামির পক্ষে অব্যাহতির শুনানি হয় বলে জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনন্দ চন্দ্র বিশ্বাস।

আসামি পক্ষের বার বার সময় আবেদনের কারণে এর আগে চার বার এ শুনানি পিছিয়ে যায়।

দেড় বছর আগের এ হত্যাকাণ্ডের আসামিরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র শফিউল আলম সেতু এবং অভিনন্দন কুন্ডু অফি, প্রাণীবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম আশিক, খান মোহাম্মদ রিয়াজ ও জাহিদ হাসান, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ, ইশতিয়াক মেহবুব অরুপ এবং রাশেদুল ইসলাম রাজু, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম, ইতিহাস বিভাগের মাহমুদুল হাসান এবং মাজহারুল ইসলাম, অনুজীব বিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তপু এবং লোকপ্রশাসন বিভাগের নাজমুল হাসান প্লাবন।

Image
জুবায়ের হত্যা: আত্মসমর্পণের পর ৪ আসামি কারাগারে

জুবায়ের হত্যা: আত্মসমর্পণের পর ৪ আসামি কারাগারে

এরা সবাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ৩৭ তম ব্যাচের ছাত্র।

এই ১৩ আসামির সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেতাকর্মী। তারা সবাই হাইকোর্ট থেকে জামিনে আছেন।

এর আগে ২০১২ সালের ৮ এপ্রিল তাদের বিরুদ্ধে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১২ মে ঢাকার জেলা ও দায়রা জজ আব্দুল মজিদ এ অভিযোগপত্র আমলে নেন।

মামলার তদন্ত কর্মকর্তা হলেন আশুলিয়া থানার সাবেক উপ-পরিদর্শক মীর শাহীন শাহ পারভেজ। বর্তমানে তিনি ডিবির পরিদর্শক হিসেবে কর্মরত।

এরই মধ্যে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ঢাকার মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেনের কাছে স্বীকারোক্তি দেন মামলার আসামি মাহবুব আকরাম ও নাজমুস সাকিব ওরফে তপু।

২০১২সালের  ৮ জানুয়ারি বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭ তম ব্যাচের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরদিন রাজধানীর  ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় জাহাঙ্গীরনগরের সাবেক রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন।