গাজীপুরে টহলে বিজিবি
ভোটগ্রহণের দুদিন আগে গাজীপুরের নির্বাচনী এলাকায় টহলে নেমেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।
নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন কর্মকর্তা মতিয়ার রহমান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনকে ঘিরে কোন ধরনের নাশকতা যেন না ঘটে, সে জন্যই তাদের নামানো হয়েছে।”
বিজিবির সঙ্গে প্রায় ৪শ র্যাব সদস্য মাঠে রয়েছেন বলে জানান নির্বাচন কর্মকর্তা মতিয়ার।
এছাড়া পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) ও আনসার সদস্যরাও নির্বাচনের দায়িত্বে থাকবেন জানিয়ে তিনি বলেন, “আশা করি, কোনো ধরনের সমস্যা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”
এই নির্বাচনে বিএনপি সেনা মোতায়েনের দাবি জানিয়ে এলেও তাতে এখনো ইসির সাড়া মেলেনি। সেনা মোতায়েন ছাড়াই চার সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হওয়ায় গাজীপুরে সেনা মোতায়েনে অনীহ তারা।
নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, নির্বাচনী এলাকায় প্রায় ৫ হাজার পুলিশ এবং র্যাবের ২৮টি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।
এছাড়াও নির্বাচনে ১৯ জন নির্বাহী হাকিমের নেতৃত্বে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াৎ বলেন, নির্বাচন উপলক্ষে নগরীতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
“যেখানেই নাশকতা হবে সেখানেই র্যাব র্যাপিড অ্যাকশনে যাবে।”
কিসমৎ জানান, নির্বাচনের জন্য র্যাব সদস্যদের দুটি ডিভিশনে ভাগ করা হয়েছে টঙ্গী ও গাজীপুর। প্রতিটি ডিভিশনে থাকবে তিনটি করে সাব-সেক্টর, আর প্রতিটি সাব-সেক্টরকে ৫টি ভাগ করা হয়েছে।
প্রায় ৩৩০ বর্গ কিলোমিটার আয়তনের নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনে প্রথম নির্বাচন হবে আগামী ৬ জূলাই। এই নির্বাচনে মোট ভোটার ১০ লাখ ২৬ হাজার ৯৩৯ জন।
এই নির্বাচনে ৩৯২ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ২ হাজার ২৮৯ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৪ হাজার ৫৭৮ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
