দিনাজপুরে দুর্ঘটনার পর পোড়ানো হলো দুই বাস
দিনাজপুরে বেপরোয়া গতিতে চলা দুটি বাসের ধাক্কায় আট পথচারী আহত হওয়ার পর বাস দুটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
বোচাগঞ্জ থানার ওসি বেলাল হোসেন জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা রুমাইয়া পরিবহন ও এসপি পরিবহনের দুটি বাস পাল্লা দিয়ে চলছিলো। দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের মালিপাড়া রেল ঘুন্টি এলাকায় একটি বাস আরেকটিকে অতিক্রম করার সময় ধাক্কায় আট পথচারী আহত হন।
এরপর জনতা বাস দুটি আটক করে ভাংচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।
আগুনে দুটি বাসেরই ভিতরের অংশ অনেকটা পুড়ে গেছে বলে জানান ওসি।
ঘটনার পর থেকে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তারা হলেন- সোহেল (৩২), রেজাউল (২৭), সাদেকুল (২৮), মহেশ (৩০), মো. জয়নুল (২৯), মো. সাইফুল ইসলাম (৩৩), ফিরোজ্জামান (২৩) ও মো. সোহেল (২২)।
