জেএসএসবিরোধী ২ নেতা খুন খাগড়াছড়িতে
খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় নিহত হয়েছেন দুজন, যারা সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির বিরোধী সংগঠনের নেতা।
বিবদমান তিন পাহাড়ি সংগঠনের সংঘাতের মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পানছড়িতে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর পানছড়ি উপজেলা সংগঠক সমীরণ চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা)সদস্য পূর্ণ কুমার চাকমা (জার্মান চাকমা)।
হত্যাকাণ্ডের জন্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। তবে জেএসএস এই অভিযোগ নাকচ করেছে।
পানছড়ি থানা ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমান্তবর্তী পুজগাং এলাকায় এই খুনের ঘটনা ঘটে।
দুষ্কৃতকারীরা নিহত জার্মান চাকমার সহকর্মী শ্যামল চাকমাকে অপহরণ করেছে বলে জানান তিনি।
পানছড়ির ২ নম্বর চেংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল চাকমা জানান, সন্ত্রাসীরা দুজনকে মেরে একজনকে তুলে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ওসি বলেন, “একটি চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় সন্ত্রাসীরা এসে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই মারা যান সমীরণ।”
হাসপাতালে নেয়ার পথে মুনিগ্রাম এলাকায় মৃত্যু হয় জার্মান চাকমার।
অপহৃত শ্যামল চাকমা বড়কলক গ্রামের জীতেন্দ্রীয় চাকমার ছেলে।
ইউপিডিএফের কেন্দ্রীয় প্রচার সেলের মুখপাত্র নিরন চাকমা হত্যাকাণ্ডের জন্য জেএসএসকে দায়ী করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্তু লারমার ভাড়াটিয়া খুনিরাই এইসব গুপ্তহত্যা চালাচ্ছে।”
তবে জেএসএসের পক্ষ থেকে এই অভিযোগ নাকচ করা হয়েছে।
পাহাড়ে জনসংহতি সমিতি ও ইউপিডিএফের সংঘাত দীর্ঘদিনের। দেড় দশক আগে সরকারের সঙ্গে শান্তি চুক্তি করে সন্তু লারমা সশস্ত্র সংগ্রামের পথ বাদ দিলে ওই চুক্তির বিরোধিতা করে গড়ে ওঠে ইউপিডিএফ।
তারপর থেকে দুই সংগঠনের বিবাদে অনেক রক্তক্ষয় হয়েছে পাহাড়ে।
কয়েকবছর আগে সন্তু লারমার বিরোধিতা করে জনসংহতি সমিতির একটি অংশ আলাদা সংগঠন (পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-এমএন লারমা) গড়ে তোলে। তাদের সঙ্গেও সন্তু লারমা নেতৃত্বাধীন অংশের সংঘাত চলছে।
