২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসআই ছাড়া কয়লা আমদানি নয়

এখন থেকে কয়লা আমদানি করতে প্রাক জাহাজীকরণ পরিদর্শন পদ্ধতি(পিএসআই) সনদ নিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

কেন্দ্রীয় ব্যাংক বুধবার এক নির্দেশে পিএসআই সনদ ছাড়া ব্যাংকগুলোকে কয়লা আমদানির ঋণপত্র(এলসি) খুলতে নিষেধ করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, “সম্প্রতি অভিযোগ পাওয়া যাচ্ছে যে, আমদানি নীতি আদেশ অমান্য করে বেশি পরিমাণ সালফারযুক্ত কয়লা আমদানি করছে আমদানিকারকরা। কয়লা আমদানির ক্ষেত্রে গ্রাহকের পক্ষে ঋণপত্র স্থাপনকালে আমদানি নীতি আদেশ পরিপালন করছে না।

“এজন্য কয়লা আমদানির ক্ষেত্রে আমদানিকারকের পক্ষে ঋণপত্র স্থাপনকালে ঋণপত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সার্ভেয়ারের নিকট থেকে ‘সালফারের পরিমান ৩ শতাংশের বেশি নেই’ প্রি শিপমেন্ট সার্টিফিকেটের মাধ্যমে নিশ্চিত করতে হবে।”

প্রসঙ্গত, কয়লা পোড়ানোর সময় কয়লার সালফার বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। যা মানুষসহ সব প্রাণীর স্বাস্থ্য ও প্রকৃতির জন্য ক্ষতিকর।

মানুষের দেহে অত্যধিক পরিমান সালফার ডাই অক্সাইড প্রবেশ করলে মুত্যুও হতে পারে। এছাড়া অত্যধিক পরিমাণ সালফার ডাই অক্সাইড বাতাসে মিশে গেলে এসিড বৃষ্টি হয়।