বেনাপোলে অস্ত্রসহ তিন যুবক আটক
যশোরের বেনাপোল থেকে অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধায় বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হচ্ছেন- খুলনার বানিয়াখামার এলাকার দিল নেওয়াজ খানের ছেলে রায়হান আহমেদ রাকিব (২৮), সোনাডাঙ্গার মহিউদ্দিনের ছেলে রানা আহমেদ (২৬) ও বেনাপোলের ভবারবেড় গ্রামের আওয়াল হাওলাদারের ছেলে সহিদুল ইসলাম (২৪)।
বেনাপোল পোর্ট থানার ওসি মিজানুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে একটি চক্র সীমান্ত এলাকা থেকে অস্ত্র নিয়ে মোটরসাইকেলে করে বেনাপোলে আসছে। আমড়াখালি এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন যুবক মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে পুলিশ ধাওয়া করে তাদের ধরে ফেলে এবং মোটরসাইকেলে রাখা ব্যাগ থেকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
