২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবিপ্রবি খুলে দেয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালে জন্য বন্ধ ঘোষণার একদিন পরই ওই আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 01:24 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গোল চত্বরে এ মানবন্ধন করে ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

পরে তারা বিজ্ঞান অনুষদের ডিনের কাছে একটি স্মারকলিপি দেন।

বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের অনার্স ডিগ্রিকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে রূপান্তরসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ভাংচুর, শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা এবং শিক্ষকদের উপর হামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যলয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

মানববন্ধনে শিক্ষার্থীরা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা এবং তাদের উপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, ওই ঘটনার জন্য পুরো বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিন্ধান্ত সাধারণ শিক্ষার্থীদেরকে ক্ষতির মুখে ফেলেছে। তাই বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।

পরে মানবন্ধনকারীরা বিজ্ঞান বিভাগের ডিন ড. মোহাম্মদ আবুল হোসেনের কাছে স্মারকলিপি দেন।