২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মোবারক আমাদের আর্মি ক্যাম্পে নিয়ে যায়’

একাত্তরে ব্রাহ্মণবাড়িয়ায় টানামান্দাইল গ্রামে ৩৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হেসেনের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন ‘ভাগ্যক্রমে’ বেঁচে যাওয়া এক সাক্ষী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 11:27 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

সাক্ষী মো. আলী আকবর ১৩২ জনের সঙ্গে আটক হলেও বেঁচে যান বলে আদালতকে জানিয়েছেন।
বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বুধবার প্রসিকিউশনের পঞ্চম সাক্ষী হিসেবে তিনি জবানবন্দি দেন।

টানমান্দাইল গ্রামের বাসিন্দা মো. আলী বলেন, “১৯৭১ সালের ১৯ অগাস্ট আমাদের গ্রামের পাশের তিনলাখপীর ব্রিজ গ্রামের লোকজনের সহযোগিতায় মুক্তিযোদ্ধারা ভেঙে ফেলে। ২১ অগাস্ট ব্রিজ ভাঙার বিষয়টি জানাজানি হয়ে যায়।”

“২২ অগাস্ট রাজাকার মোবারক আলী, মোক্তা মিয়া, বজু মিয়া, শহিদ মিয়া আমাদেরকে নূর বক্সের বাড়িতে পঞ্চায়েত কমিটি গঠন করা হবে বলে সেখানে জমায়েত হওয়ার দাওয়াত দেয়। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে ওইদিন বেলা ৩টার দিকে নূর বক্সের বাড়িতে গ্রামের প্রায় ১৩০/১৩২ জন জমায়েত হই।”

“জমায়েত হওয়ার পরে ওই রাজাকাররা আমাদের জিজ্ঞাসাবাদ করে যে কার কার আত্মীয়স্বজন মুক্তিযুদ্ধে গিয়েছে। ইতোমধ্যে পাকিস্তানি আর্মি এসে বাড়িটি ঘেরাও করে ফেলে এবং আমাদেরকে বেঁধে ফেলার নির্দেশ দেয়।”

“তখন মোবারক আলী, বজু মিয়া, শহিদ মিয়ারা পাটের রশি পাকিয়ে আমাদের পিছমোড়া করে বেঁধে ফেলে। তারপর ছয়টি নৌকাযোগে আমাদেরকে গঙ্গাসাগর দীঘির পাড়ে আর্মি ক্যাম্পে নিয়ে যায়।”

১৯৭১ সালে আলী আকবরের বয়স ছিল ২২ বছর।

তিনি বলেন, “ক্যাম্পে নিয়ে আমাদের মারধর করে জিজ্ঞাসা করে যে, কার কার আত্মীয়স্বজন মুক্তিযুদ্ধে গিয়েছে। উল্লেখিত রাজাকাররা যাদের আত্মীয়স্বজন মুক্তিযুদ্ধে গিয়েছে তাদের তালিকা তৈরি করে।”

“রাজাকাররা বলে যে, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার জন্য যে ৩৪ হাজার টাকার তহবিল তৈরি করা হয়েছে, তা দিয়ে দিলে আপনাদের ছেড়ে দেয়া হবে।”

আলী বাকবর জানান, রাজাকারদের আশ্বাসে টাকা আনার জন্য ফয়েজ মিয়া, তারু মিয়া, মন্নাফ মিয়া ও আবুল হাশেম মিয়াকে ছাড়া হয় এবং তারা গ্রামে গিয়ে ১৮ হাজার টাকা নিয়ে ক্যাম্পে ফিরে আসে।

ওই সময় আর্মি ক্যাম্পে আটক থাকা আলী আকবর বলেন, “আমাদের মধ্যে থেকে তালিকা ধরে ৩৩ জনকে বাছাই করে তেরঝুরিতে (রাজকাচারী হাজতখানা) নিয়ে আটকে রাখে এবং আমাদের একটি মসজিদে নিয়ে রাখে।”

“রাত প্রায় ৮টার দিকে ওই ৩৩ জনকে গঙ্গাসাগর দীঘির পশ্চিম পাড়ে নিয়ে যাওয়া হয়। ওইখানে নিয়ে তাদের দিয়ে একটি গর্ত করানো হয় এবং ব্রাশফায়ার করে হত্যা করে সেখানেই মাটিচাপা দেয়া হয়। আমরা চিৎকার করে তাদের জন্য কলেমা পড়তে থাকি।”

তিনি জানান, ওই ঘটনায় শহীদের মধ্যে ফয়েজ মিয়া, তারু মিয়া, মন্নাফ মিয়া, আবুল হাশেম মোল্লা, সোবহান মিয়া, হায়দার আলী, তাহের ডাক্তার, আবুল বাশার, রাজু মিয়া, গনি মিয়া, তোতা মিয়া প্রমুখ ছিলেন।

সাক্ষ্য শেষে আসামিপক্ষের আইনজীবী এএইচএম আহসানুল হক হেনা সাক্ষীকে জেরা করেন।

পরে আগামী ১৪ জুলাই পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য দিন রেখে আদালত মুলতবি ঘোষণা করা হয়।

ইউসুফকে পরিবহনে ‘স্বাস্থ্যসম্মত’ যান

এদিকে বয়স বিবেচনায় জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফকে আদালতে আনা-নেওয়ায় ‘স্বাস্থ্যসম্মত’ যান ব্যবহারের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল-২।

এছাড়া ইউসুফের মামলায় পরবর্তী আদেশ দেয়ার জন্য বৃহস্পতিবার দিন রেখেছে ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বুধবার একেএম ইউসুফের আইনজীবী সাইফুর রহমান এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশে ইউসুফকে প্রিজন ভ্যানের বদলে মাইক্রোবাসে করে আদালতে আনা-নেওয়ার জন্য বলা হয়েছে।