২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ভাংচুর, অগ্নিসংযোগ

হরতালে ফেনী শহরে বিভিন্ন স্থানে মিছিল, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে পিকেটাররা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 11:00 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি এবং টিয়ার সেল নিক্ষেপ করেছে।

আটক সভাপতির মুক্তি এবং ‘নিখোঁজ’ নেতাদের সন্ধান দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ইসলামী ছাত্র শিবির।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে শিবিরকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা, শহরের ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ, শিশু নিকেতন স্কুল, বীর উত্তম শহীদ মেজর সালাউদ্দিন মমতাজ হাই স্কুল ও ইসলামপুর রোডের মাথায় রাস্তায় উপর আগুন জ্বালিয়ে মিছিল করেছে।

দুপুর ১২টার দিকে তারা শহরের ইসলামপুর রোডে একটি ট্রাক, শান্তি কোম্পানি রোড, পুরাতন পুলিশ কোয়ার্টার, বড় জামে মসজিদ এলাকায় ১২টি সিএনজি অটোরিকশা ও ইজিবাইক ভাংচুর করে।

ফেনীর সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) সামসুল আলম সরকার জানান, দুপুরে পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে পুলিশ ১৪ রাউন্ড শটগানের গুলি ও চার রাউন্ড টিয়ার সেল ছোঁড়ে।

এছাড়া হরতাল শুরুর আগে ভোরে শহরের বিভিন্ন স্থান থেকে পুলিশ তিন শিবিরকর্মীকে আটক করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে পুলিশের পাশাপাশি প্রচুর সংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।

হরতালে সকাল থেকে শহরের দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি কম ছিল। রিকশা, সিএনজি অটোরিকশা, টমটম চললেও ভারি যানবাহন চলাচল করেনি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।