২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে চা শ্রমিক খুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক চা শ্রমিক খুন হয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 10:53 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

মঙ্গলবার রাতে উপজেলার সাগরনাল চা বাগানে এ ঘটনা ঘটে।

নিহত গোপাল পানিকা (৪০) সাগরনাল চা বাগানের বেচু পানিকার ছেলে।

বুধবার দুপুরে নিহতের স্ত্রী সুমতি পানিকা জুড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। গোপালের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মামলার বরাত দিয়ে জুড়ী থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, রাতে ৯টার দিকে সাগরনাল চা বাগানে টিভি দেখার সময় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গোপালের সঙ্গে প্রতিবেশি দুই ভাই রাজন তন্তুবাই (৩০) ও সাজন তন্তুবাই (২৬) এর বাগবিতণ্ডা হয়।

“এক পর্যায়ে রাজন ও সাজন ধারালো দা নিয়ে গোপাল ও তার স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের দায়ের  কোপে গোপাল ঘটনাস্থলেই মারা যায়।”

এ ছাড়া গোপালের স্ত্রী সুমতি পানিকা (৩০) ও তার সন্তান অজয় পানিকা (১৩) মারাত্মক আহত হয়। তাদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

তিনি জানান, আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।