পরীক্ষার দাবি খুবি শিক্ষার্থীদের
টার্ম ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণার সময় বেঁধে দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, আগামী ৭ জুলাই বেলা ১টার মধ্যে এ পরীক্ষা না হলে তারা আমরণ অনশণ শুরু করবেন।
খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে জীববিজ্ঞান স্কুলের দেড় হাজার শিক্ষার্থীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ফিশারিজ অ্যান্ড মেরিন টেকনোলজি ডিসিপ্লিনের শেষ বর্ষের ছাত্র মো. ইমরার হোসেন।
এতে বলা হয়, জীববিজ্ঞান স্কুলের ডিন নিয়োগে অনিয়ম ও বিধিভঙ্গের অভিযোগ করে একাডিমক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নিচ্ছেন না শিক্ষকদের একটি অংশ।
স্কুলের একাডেমিক ক্যালেন্ডারে ১৭ এপ্রিল টার্ম পরীক্ষার সম্ভাব্য তারিখ থাকলেও পরীক্ষার আয়োজন করতে সক্ষম হয়নি কর্তৃপক্ষ।
গত ২৩ মে ছাত্রদের আন্দোলনের মুখে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ২৩ জুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। কিন্তু শিক্ষকদের একটি অংশের অসহযোগিতার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা নিতে ব্যর্থ হয়।
উচ্চ আদালতের রুল
এদিকে পরীক্ষা গ্রহণসহ শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখার জন্য কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে গত বৃহস্পতিবার সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষক হাইকোর্টে ওই রিটটি দায়ের করেন।
শুনানি শেষে উপাচার্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, জীব বিজ্ঞান স্কুলের ডিন ও স্কুলের সাতটি ডিসিপ্লিন প্রধানের বিরুদ্ধে এ রুল জারি করা হয়।
