২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীপের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

হেফাজতে ইসলামের বিরোধিতা করার পর সন্ত্রাসী হামলায় আহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) ছাত্র আরিফ রায়হান দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 07:42 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য দীপ মঙ্গলবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বুয়েটের ছাত্র দীপের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

এই ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সবাইকে সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম হলে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এর আগে গত ৫ এপ্রিল রাতে শহীদ স্মৃতি হলের মসজিদের ইমাম হলের বাবুর্চিদের দিয়ে খিচুড়ি রান্না করিয়ে মতিঝিলে অবস্থানরত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের জন্য পাঠান, তখন দীপসহ কয়েক শিক্ষার্থী এর প্রতিবাদ করেন।

ওই রাতেই শিক্ষার্থীরা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক দেলোয়ার হোসেনকে জানান। পরে ইমাম আব্দুল আলিমকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নির্দেশ দেয় প্রশাসন।

দীপের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে মেজবাহউদ্দীন নামে বুয়েটের স্থাপত্য প্রকৌশল বিভাগের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়, যিনি হেফাজত সমর্থক বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।