২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে হরতালবিরোধী মিছিল

ইসলামী ছাত্রশিবিরের হরতাল প্রত্যাখ্যান করে শাহবাগে মিছিল করেছে যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 07:39 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মিছিল শুরুর আগে শাহবাগে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে মিছিলটি শাহবাগ থেকে টিএসটি রাজু ভাস্কর্য হয়ে আবার শাহবাগে কাঁটাবন ঘুরে আসে।

মিছিল শেষে সমাবেশে ইমরান বলেন, “জামায়াত-শিবিরের অবৈধ হরতাল মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে তাদের কোনো হরতাল করতে দেয়া হবে না।”

দেশের সব কয়টি গণজাগরণ মঞ্চে হরতালবিরোধী মিছিল হয়েছে বলেও জানান তিনি।

কেন্দ্রীয় সভাপতির মুক্তি এবং ‘নিখোঁজ’ নেতাদের সন্ধান দাবিতে বুধবার সারাদেশে হরতাল ডাকে জামায়াতের ছাত্র সংগঠনটি। যুদ্ধাপরাধী সংশ্লিষ্ট সংগঠন হিসেবে ছাত্রশিবির নিষিদ্ধ করার দাবি রয়েছে গণজাগরণ মঞ্চের। 

সিটি কর্পোরেশন নির্বাচনে উগ্রপন্থীরা ধর্মকে ব্যবহার করছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান ইমরান।

গণজাগরণ মঞ্চের মিছিল শুরুর আগে সকাল ১০টা ৫০ মিনিটে মোটর সাইকেলে করে কয়েক যুবক এসে শাহবাগে পূবালী ব্যাংকের সামনে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “থানা থেকে লোক গিয়ে বিস্ফোরণস্থলে কিছু কাগজ দেখতে পেয়েছে। আমাদের ধারণা, পটকা ফাটানো হয়েছে।”