ধর্মঘট ও হরতালে বিচ্ছিন্ন খাগড়াছড়ি
পরিবহন মালিক ও শ্রমিকদের ধর্মঘট এবং ইসলামী ছাত্র শিবিরের হরতালে সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ি।
আটদফা দাবিতে বুধবার সকাল থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘটের কারণে পার্বত্য জেলাটির আভ্যন্তরীণ ও দূরপাল্লার সবধরনের যানবাহন বন্ধ রয়েছে।
এদিকে ইসলামী ছাত্র শিবিরের ডাকে সারাদেশে চলছে সকাল-সন্ধ্যা হরতাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে খাগড়াছড়ি পৌর বাস টার্মিনাল থেকে কোনো গাড়ি ছাড়েনি। ঢাকা-চট্টগ্রাম-ফেনী সড়কে চলাচলকারী হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন।
পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
তাদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পরিবহন সংশ্লিষ্ট খাগড়াছড়ির ১৮টি সংগঠন।
সমন্বয় পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে: জেলার পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ, সড়ক সংস্কার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, চট্টগ্রামে খাগড়াছড়ি জেলার জন্য পৃথক স্থায়ী বাস টার্মিনাল স্থাপন, পরিবহন চলাচলে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা, আগুন দিয়ে গাড়ি জ্বালিয়ে দেয়া ও ভাংচুরকৃত গাড়ির ক্ষতিপূরণ প্রদান, অনুমোদনহীন যান চলাচল বন্ধ, শ্রমিক নির্যাতন বন্ধ।
নিরপাত্তা ও অপ্রীতিকর ঘটনার আশংকায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
