২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডেকে নিয়ে আ. লীগ নেতাকে হত্যা

টাকা দেয়ার কথা বলে ডেকে নেওয়ার পর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 12:44 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

নিহত রফিকুল ইসলাম ওরফে রফিক কোম্পানি (৫০) আওয়ামী লীগের সন্দ্বীপ থানা শাখার সদস্য।

এঘটনায় উপজেলার বাউরিয়া এলাকার রফিকুল মাওলা ও আলাউদ্দিন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গলায় গামছা পেঁচিয়ে ও এলোপাতাড়ি মারধর করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার সকালে ১১টায় মাওলার বাড়ি থেকে রফিকুল ইসলামের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সন্দ্বীপ থানার ওসি গিয়াস উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রফিকুল মাওলার আত্মীয় স্বপনের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে রফিক কোম্পানির বিরোধ চলছিল। টাকা দেবার নাম করে তার বাড়িতে ডেকে নেয়ার পর তাকে হত্যা করা হয়।

ওসি গিয়াস বলেন, ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মাওলাকে গ্রেপ্তার করা হলেও স্বপন পালিয়ে যায়। তবে পরে স্বপনের বাবা আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিহত রফিক কোম্পানি সন্দ্বীপ উপজেলার ১০ নম্বর গাছুয়া ইউনিয়নের মৃত মুজিবুল হকের ছেলে।