২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের অসুস্থ রোজের দুই শতাধিক কর্মী

এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 06:46 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

মঙ্গলবার সকালে কাজে যোগ দেয়ার ঘণ্টাখানেকের মধ্যে আশুলিয়ার জামগড়া এলাকার ‘দ্য রোজ ড্রেসেস লিমিটেডের’ দুই শতাধিক কর্মী অসুস্থ হয়ে পড়ে বলে পুলিশ জানায়।

শিল্প পুলিশ-১ আশুলিয়া অঞ্চলের উপসহকারী পরিচালক আব্দুস সাত্তার জানান, সকাল ৮টার দিকে প্রায় ছয় হাজার শ্রমিক কাজে যোগ দেয়। এরপর অনেকে ট্যাপের পানি পান করেন। সকাল ৯টার দিকে হঠাৎ মাথা ঘুরে এবং বমি করে মেঝেতে ঢলে পড়তে থাকেন শ্রমিকরা।

তাদের দ্রুত দোরন এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়। কয়েকজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালেও নেয়া হয়।

এই পুলিশ কর্মকর্তা বলেন, কারখানার ট্যাপের পানি পান করে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Image
ফাইল ফটো

ফাইল ফটো

তবে কারখানার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, গত রোববার ট্যাপের পানি পান করার পর শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে পরদিন পানির সব ট্যাংক পরিষ্কার করে নতুন করে পানি ভরা হয়।

“তাই পানি পান করে অসুস্থ হয়ে পড়ার কথা নয়।”

এ বিষয়ে সাভার থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি শোনার পর সেখানে চিকিৎসকদের একটি দল পাঠানো হয়েছে।

তিনি বলেন, রোববার শ্রমিকরা অসুস্থ হওয়ার পর পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে প্রতিবেদন এখনো হাতে পাওয়া যায়নি। বুধবার তা পাওয়া যেতে পারে।

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলামের দ্য রোজ ড্রেসেস লিমিটেড নামের এই কারখানায় গত শুক্রবারও দেড় শতাধিক শ্রমিক অসুস্থ হয়। তখন রাতের খাবার খেয়ে শ্রমিকরা অসুস্থ হয় বলে ধারণা করা হয়েছিল।

এদিকে, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চিকিৎসকরা বলছেন, পানি বা খাবারে বিষক্রিয়া থেকে নয়, মানসিক চাপ ও জটিলতা থেকেই পোশাক কারখানার বিপুল সংখ্যক শ্রমিক একযোগে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটছে।