দীঘিনালায় যুব সমিতি সদস্য খুন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে মেরুং পূর্ণচন্দ্র কার্বারীপাড়ায় এ হামলায় নিহত হন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) যুব সমিতির সদস্য মিঠুন চাকমা বাসনা (৪০)। তিনি স্থানীয় প্রয়াত বাইট্টা চাকমার ছেলে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) এ হত্যার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সন্তু লারমা গ্রুপকে দায়ী করেছে। তবে, সন্তু গ্রুপ অভিযোগ অস্বীকার করেছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, সকাল ৮টায় বের হয়ে বাসার পাশে মোটরসাইকেল শিখতে যান বাসনা চাকমা।
ওই সময় হামলাকারীরা খুব কাছে থেকে তাকে গুলি করে পালিয়ে য়ায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার শরীরে ৪/৫টি গুলির ক্ষত পাওয়া গেছে।
সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ হত্যাকাণ্ডের জন্য দীঘিনালা উপজেলা যুব সমিতির সভাপতি সমীর চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (সন্তু লারমা) দায়ী করেছেন।
তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু) কেন্দ্রীয় সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ ঘটনায় সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন।
এর আগে গত শনিবার (২৯ জুন) রাতে জেলার পানছড়ি হাসপাতাল এলাকায় ব্রাশফায়ারে নিহত হন জনসংহতি সমিতির (এমএন লারমা) পানছড়ি উপজেলা সাধারণ সম্পাদক সুপন চাকমা (সাগর)।
