শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট আটকে হয়রানীর অভিযোগ
মাধ্যমিক পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র আটকে রেখে শিক্ষার্থীদের ভর্তি হতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে বরগুনার বামনা উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বামনা উপজেলা সদরের সারওয়ারজান মডেল স্কুল এ্যান্ড কলেজের ২০১৩ সালের এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র আটকে রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
ফলে অন্য প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েও তারা ভর্তি হতে পারেননি।
তবে এ অভিযোগের কথা মৌখিকভাবে শুনলেও কোন লিখিত না পাওয়ায় ব্যবস্থা নেয়া যায়নি বলে জনিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।
এ বছর সারওয়ারজান মডেল স্কুল এ্যান্ড কলেজ থেকে ১২৪ জন শিক্ষার্থী পাশ করে। ৬১ জন বিভিন্ন কলেজের ভর্তির সুযোগ পান।
তারমধ্যে সুমন্ত দাশ (জিপিএ-৩.১৮) ভর্তির জন্য মনোনীত হন ভান্ডারিয়া আমানুল্লাহ কৃষি কলেজে।
সুমন্তর বাবা বামনা সদরের পশ্চিম শফিপুর গ্রামের বাসিন্দা তপন কুমার দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র চাইলেও শিক্ষকরা সাফ জানিয়ে দিয়েছেন, কাগজপত্র দেওয়া হবে না। সকলকেই এই প্রতিষ্ঠানের কলেজ শাখায় বাধ্যতামূলক ভর্তি হতে হবে।
“নতুন খোলা কলেজ শাখায় কোন শিক্ষক নেই। সেখানে আমার ছেলে কোন ভবিষ্যতের আশায় ভর্তি হবে?”, প্রশ্ন রাখেন তপন।
একই ধরনের অভিযোগ করেছেন সারওয়ারজান মডেল স্কুল এ্যান্ড কলেজ থেকে ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ পলি রাণী শীল।
পলি বলেন, “কর্তৃপক্ষ ভোকেশনালে ভর্তি না হয়ে জেনারেল লাইনে পড়ার কথা বলেছে।”
পলির মতো ইলিয়াস হোসেন (জিপিএ-৪.০০), কাউসার উদ্দিন (জিপিএ-৪.০০), জসীম উদ্দিন (জিপিএ-৩.১৯), সবুজও (জিপিএ-৩.৬৪) অভিযোগ করেন কর্তৃপক্ষ তাদের অন্য কলেজে ভর্তি হতে দেননি।
তবে সারওয়ারজান মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের ফরাজী এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, কয়েকজন তাকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে। তবে লিখিত কোন অভিযোগ তিনি পাননি। লিখিত অভিযোগ পেলে তিনি হয়তো ব্যবস্থা নিতে পারতেন।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার বলেন, শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে কোন প্রতিষ্ঠান ভর্তি করাতে পারে না। এটা বেআইনী।
গত রোববারই ছিল কলেজে ভর্তির শেষ দিন।
