গাইবান্ধা থেকে পলাতক আসামি রংপুরে গ্রেপ্তার
গাইবান্ধার কোর্ট এলাকা থেকে পলাতক এক আসামিকে রংপুরে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রংপুর শহরের শাপলা চত্বরের পাশে নুরপুর এলাকার একটি বাড়ি থেকে গাইবান্ধার ডিবি পুলিশ পাপুল শেখকে গ্রেপ্তার করে।
পাপুল (৩২) পলাশবাড়ির গোয়ালপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় গাইবান্ধা কোর্ট পুলিশের হাবিলদার ছালেক উদ্দিন ও কনস্টেবল বিজয় কুমার রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গাইবান্ধা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অশোক সিংহ জানান, পাপুল শেখকে সম্প্রতি খুন, ডাকাতি ও ছিনতাইসহ তিনটি মামলার আসামি হিসাবে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২৩ জুন বিকেলে আদালতে শুনানি শেষে তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়ার সময় তিনি পালিয়ে যান। এতোদিন ঘটনাটি কাউকে জানতে দেয়নি পুলিশ।
