২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রের মাথা ফাটানোর অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে

সিরাজগঞ্জ শহরে স্কুলছাত্রের মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে শিক্ষিকার বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 12:24 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

এ ঘটনায় ওই শিক্ষিকার শাস্তি চেয়ে সোমবার দুপুরে শিশুটির বাবা আব্দুল মতিন জেলা প্রশাসক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিল্লাল হোসেনের কাছে লিখিত অভিযোগ করেন।

রোববার দুপুরে শহরের বি এল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সামির শাকিবকে ধাক্কা দিয়ে ফেলে দেন সহকারি শিক্ষিকা শিরিন আক্তার। এতে মাথা ফেটে যায় সামিরের।

সামিরের বাবার অভিযোগ, রোববার দুপুর দেড়টার দিকে শ্রেণিকক্ষে অন্য একছাত্রের সঙ্গে কথা বলার অভিযোগে শিক্ষিকা শিরিন আক্তার সামিরকে ক্লাস থেকে বের হয়ে যেতে বলেন। এ ঘটনায় ক্ষমা চাওয়ার পর শিক্ষিকা সামিরকে মাথার চুল ধরে ধাক্কা দিয়ে ক্লাস বের করে দেন।

“এ সময় শ্রেণিকক্ষের দরজার সঙ্গে লেগে তার মাথা কেটে যায়। এরপরও তিনি শিশুটিকে মারপিট করতে থাকেন।”

পরে তিনি খবর পেয়ে স্কুলে গিয়ে অসুস্থ ছেলেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। ছেলের মাথায় চারটি সেলাই লেগেছে বলেও তিনি জানান।

মারপিটের কথা অস্বীকার করলেও ঘটনার জন্য সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন শিক্ষিকা শিরিন আক্তার।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিল্লাল হোসেন লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।