রংপুরের নার্সিং শিক্ষার্থীরা অনশনে
ছয়দফা দাবিতে রংপুর সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন।
সোমবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে তারা এ কর্মসূচি শুরু করেন।
নার্সিং কলেজ সংগ্রাম পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে।”
দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন উল্লেখ করে এই নেতা বলেন, কর্তৃপক্ষ এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না।
অনশনস্থলে রফিকুল ইসলাম ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের যুগ্ন আহ্বায়ক মোস্তফা মনোয়ার, নূরুন্নবী সরকার, সদস্য সচিব শামিমা আক্তারসহ অনেকে।
কলেজ অধ্যক্ষ জয়ন্তী রানী বোস বিডিনিউজ টোয়েণ্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের দাবি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি। মেনে নেয়ার এখতিয়ার তাদের।”
এর আগে গত ২৬ জুন বুধবার কলেজ অধ্যক্ষের কার্যালয়সহ প্রশাসনিক ভবনে তালা দিয়েছিল আন্দোলনকারীরা।
নার্সিং শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে নার্সিং পেশার মানোন্নয়নে চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্স শেষে ৬ মাস থেকে এক বছর মেয়াদী ইন্টার্নশিপ চালু, মাস্টার্স কোর্স চালু, মাসিক বৃত্তি ৩ হাজার টাকায় উন্নীতকরণ, বিশেষ বিসিএস ব্যবস্থাসহ চাকরি নিয়োগবিধি প্রকাশ, মেডিকেল কলেজসমূহে পৃথক নার্সিং অনুষদ গঠন।
