২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া কলেজে অধ্যক্ষের কার্যালয়ে ভাংচুর

কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে পাওয়া ছাত্রলীগ সমর্থকদের বিরুদ্ধে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 07:53 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রলীগ নেতাদের দাওয়াত না দেয়ায় এ হামলা করা হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। তবে ছাত্রলীগ অভিযোগ অস্বীকার করেছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জানান কুষ্টিয়া মডেল থানার ওসি শিকদার মশিউর রহমান।

এ কারণে কলেজের নবীনবরণ অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

ঘটনার পরপরই সার্বিক পরিস্থিতি নিয়ে একাডেমিক কমিটির জরুরি সভা ডেকেছেন কলেজের অধ্যক্ষ মো. বদরুদ্দোজা।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনুষ্ঠানে দাওয়াত না দেয়ায় কলেজের ছাত্রলীগ নেতারা অধ্যক্ষ বদরুদ্দোজা ও উপাধ্যক্ষ আবু জাফর সিদ্দিকীর অফিসের দরজা-জানালার কাচ, চেয়ার ও টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।

ওসি মশিউর রহমান জানান, খবর পেয়ে ক্যাম্পাসে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অধ্যক্ষ বদরুদ্দোজা বলেন, তিনি কলেজের একাডেমিক কমিটির জরুরি সভায় রয়েছেন। তাই বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।  

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ ছাত্রলীগের শাখা কমিটি অনেক আগেই বিলুপ্ত হয়েছে। তাই এই হামলা ও ভাংচুরের ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত কিনা তা স্পষ্ট নয়।

সত্যতা যাচাই না করে কিছু বলা যাবে না বলেও তিনি জানান।