গুলিস্তানে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার বিকালে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. জামাল উদ্দিন (৭০)। তিনি জামালপুর থেকে রোববারই ঢাকা এসেছিলেন, সঙ্গে ছিল ছেলে আলামিন।
আলামিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, তারা মহাখালী থেকে গুলিস্থানে যেতে গাজিপুর পরিবহনের একটি বাসে ওঠেন।
“বঙ্গবন্ধু এভিনিউতে বাস থেকে নামার সময় চালক বাসটি চালাতে শুরু করতে বাবা বাসের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান।”
জামাল উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে।
গ্রাম থেকে বাবাকে ঢাকায় নিজের কাছে এনে রাখতে চেয়েছিলেন আলামিন।
“বাবা আমার সঙ্গে থাকতে এসে লাশ হলেন,” কান্নাজড়িত কণ্ঠে বলেন তিনি।
ঢামেক ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি আটক
করা হলেও চালক পালিয়ে যায়।
জামাল উদ্দিনের বাড়ি জামালপুরের ইসলামপুরের কড়ই তলায়।
