রাজধানীর আট হাজার ভবনে নিয়ম লঙ্ঘন
অনুমোদন না নিয়ে অথবা অনুমোদনের শর্ত লঙ্ঘন করে এবং ইমারত বিধি যাথযথভাবে না মেনে নির্মিত হয়েছে এমন আট হাজার স্থাপনা চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
আওয়ামী লীগের সাংসদ মো. শাহরিয়ার আলমের এক প্রশ্নে রোববার সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান জানান,এসব স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সাংসদ এইচ এম গোলাম রেজার আরেক প্রশ্নের জবাবে মান্নান খান জানান, রাজধানীতে বর্তমানে পরিত্যক্ত বাড়ির সংখ্যা ছয় হাজার ৪৬৭টি। এসব বাড়ি লিজ দিয়ে গত মে মাস পর্যন্ত ১৬ কোটি ১৮ লাখ ৭২ টাকা আয় করেছে সরকার।
আর বকেয়া আছে ২৪ কোটি ২১ লাখ দুই হাজার টাকা।
সরকারের গত সাড়ে চার বছরে উত্তরা তৃতীয় পর্বে প্রায় ১৮ হাজার সাতশ, পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্রায় ২১ হাজার পাঁচশ এবং ঝিলমিল আবাসিক প্রকল্পে প্রায় ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
