৮০ শতাংশ ভোটের আশা মান্নানের
গাজীপুরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে অন্তত ৮০ শতাংশ ভোট পাওয়ার আশা করছেন ১৮ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নান।
রোববার গাজীপুর চৌরাস্তায় টেলিভিশন প্রতীকের নির্বাচনী ক্যাম্পে ‘পেশাজীবী সমন্বয় পরিষদের’ সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় মান্নান বলেন, “এর মধ্যেই আমি এলাকার ৯৫ শতাংশ জায়গায় প্রচারণা চালিয়েছি। মাঠের পরিস্থিতি আমাদের অনুকূলে আছে।
“অন্তত ৮০ শতাংশ ভোট আমি পাব যদি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।”
“সেজন্য আমাদের সকলকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে,” বলেন তিনি।
এছাড়া গাজীপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে প্রচারণা চালানোর জন্য পেশাজীবী সমন্বয় পরিষদের সদস্যদের কাজ শুরুর তাগিদ দেন মান্নান।
এ সময় মান্নানের সঙ্গে গাজীপুর হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক মুফতি নাসিরউদ্দিন খানও ছিলেন।
হেফাজতের কর্মীদের হ্যান্ড মাইকে মান্নানের পক্ষে ভোট চাইতেও দেখা যায়।
